রাজনীতি

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, ছাত্রদল নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বন্ধ করতে গ্রামজুড়ে ‘১৪৪ ধারা জারি’ হয়েছে বলে মাইকিং করার অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মারুফ আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়া এবং মারুফ আলী নিজেই অভিযোগ স্বীকার করায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন বহিষ্কারাদেশটি অনুমোদন করেন।

একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট লালপুর উপজেলার কেশবপুর গ্রামে প্রায় ৬০ বছরের পুরোনো একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামকে প্রধান অতিথি এবং নিজেকে বিশেষ অতিথি করার জন্য আয়োজকদের ওপর চাপ দেন মারুফ আলী।

তবে স্থানীয় প্রবীণ ব্যক্তিদের অতিথি করার দীর্ঘদিনের রীতি অনুসরণ করে আয়োজক কমিটি তার প্রস্তাব গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার বেলা ১১টার দিকে মারুফ আলী নিজ উদ্যোগে মাইক ভাড়া করে গ্রামজুড়ে প্রচার করেন, মাঠে ‘১৪৪ ধারা জারি’ করা হয়েছে এবং সেখানে কোনো খেলা হবে না।

তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে জানা গেছে। ওই প্রচারণায় এলাকায় বিভ্রান্তি তৈরি হলে শেষ পর্যন্ত আয়োজকরা ফাইনাল ম্যাচটি স্থগিত করেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হলে জেলা ছাত্রদল ঘটনাটি তদন্ত করে।

বহিষ্কারের বিষয়ে মো. মারুফ আলী বলেন, তিনি সবসময় সংগঠনের প্রতি অনুগত ছিলেন এবং এখনো আছেন। দলের স্বার্থে সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, তা তিনি মেনে নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button