রাজনীতি

‘সুযোগের অভাবে সৎ হয়েছে এনসিপি, পাল্লা দিয়ে অপকর্মে সম্পৃক্ত হচ্ছে জামায়াত-শিবির’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে একসঙ্গে দেশ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের নানা কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, শহীদ ওসমান হাদি এনসিপির বিরুদ্ধে তিনটি অভিযোগ চিহ্নিত করেছিলেন—জুলাইয়ের ঐক্য বিনষ্ট করা, আওয়ামী লীগের ১৯৭১ সালের ইতিহাস কুক্ষিগত করার মতো করে জুলাইয়ের আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং দুর্নীতিতে জড়ানো।

তবে বর্তমান সময়ে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে আগের মতো কর্মকাণ্ড চোখে পড়ছে না বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি এর কারণ হিসেবে দলটি বর্তমানে সরকারি দলের পরিবর্তে বিরোধী দলে থাকাকে উল্লেখ করেন।

তার অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপির নেতাকর্মীরা যেভাবে সচিবালয় বা সচিবদের কক্ষে প্রবেশ করে প্রভাব বিস্তার করতে পারতেন, বর্তমানে সেই সুযোগ আর নেই। তার মতে, সুযোগ না থাকায় তাদের কর্মকাণ্ডও তুলনামূলকভাবে কম দৃশ্যমান।

অন্যদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নিয়ে ভিন্ন চিত্র দেখছেন বলে দাবি করেন এই বিএনপি নেতা। তার ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমে তুলনামূলক কম এলেও বর্তমান সরকারের সময়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিভিন্ন অপকর্মে জড়ানোর খবর বেশি সামনে আসছে।

রাশেদ খাঁন বলেন, অনেকে এমন প্রশ্ন তুলছেন যে, সরকারি দলের নেতাকর্মীদের যেখানে ক্ষমতার অপব্যবহারের প্রবণতা থাকার কথা, সেখানে বিরোধী দলের নেতাকর্মীরাই বেপরোয়া হয়ে উঠছেন। বিরোধী দলে থেকেও যারা এমন আচরণ করতে পারেন, তারা ক্ষমতায় গেলে আগের সরকারের চেয়েও খারাপ হতে পারেন—এমন মন্তব্যও কেউ কেউ করছেন।

তবে তিনি নিজে এমন ধারণা পোষণ করেন না বলে উল্লেখ করেন।

সবশেষে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, সবাইকে সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে সরকারি দলের ছয় মাসের কর্মকাণ্ডের পাশাপাশি বিরোধী দলগুলোরও ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পক্ষে মত দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button