রাজনীতি

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খান

বাংলা টিভি ডেস্ক: বিরোধীদলের ছায়া সরকারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থান না পাওয়ায় রাজনৈতিক মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, জামায়াত ইসলামি কখনো ক্ষমতায় গেলেও এনসিপি প্রকৃত সরকার থেকেও বাদ পড়বে।

বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি অভিযোগ করেন, সাংগঠনিক সক্ষমতা না থাকা সত্ত্বেও এনসিপিকে একাধিক আসন ও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের জন্য সহায়তা করার পেছনে জামায়াতের ১৯৭১ সালের ভূমিকার দায় আড়াল করার চেষ্টা ছিল। তার ভাষ্য, এনসিপিকে ব্যবহার করে জামায়াত ১৯৭১ সালের গণহত্যার দায় থেকে মুক্তি পাবে না।

রাশেদ খান আরও দাবি করেন, ছায়া সরকার গঠনের মাধ্যমে জামায়াতের নেতাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা আরও দৃশ্যমান হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তারা এখন সরকারকে বিকল্প নীতিমালা দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

তবে ছায়া সরকারের কোনো সদস্য যদি গুমসহ বিভিন্ন বিষয়ে ‘মিথ্যাচার ও অপপ্রচার’ চালান, তাহলে জনগণের মধ্যে তাদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের পোস্টের শেষাংশে নারী নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তিনি অভিযোগ করেন, ছায়া মন্ত্রিসভায় নারী নেতৃত্বের প্রতিনিধিত্ব আরও বেশি থাকা উচিত ছিল। পাশাপাশি জামায়াত ক্ষমতায় গেলে নারীকে মন্ত্রী করার ক্ষেত্রে তাদের অবস্থান কী হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খান আরও দাবি করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপি নির্বাচনের আগেই নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেছে এবং সরকার দায়িত্ব নেওয়ার পরও সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে।

তার এসব বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button