
নিজস্ব প্রতিবেদক: ১১ দলীয় ঐক্যের ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের ‘ঢাকা টু চট্টগ্রাম’ লং মার্চ ও সিদ্ধিরগঞ্জের পথসভা সফল করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।
শনিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাঁচপুর হাইওয়ে থানা, বন্দর থানা ও সোনারগাঁ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং লিখিত চিঠি হস্তান্তর করেন।
এ সময় সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার ইনচার্জ (ওসি) গণ-লংমার্চটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, চলমান জ্বালানি সংকট নিরসনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ঐতিহাসিক লংমার্চ অনুষ্ঠিত হবে। লংমার্চটি ঢাকা থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে একটি সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে মহাসড়ক অতিক্রম করবে। পরবর্তীতে চট্টগ্রামে মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে।”
তিনি আরও বলেন, কর্মসূচি যাতে শান্তিপূর্ণ ও বিঘ্নহীনভাবে সম্পন্ন হতে পারে, সেজন্যই কাঁচপুর হাইওয়েসহ স্থানীয় থানাগুলোতে লিখিতভাবে অবহিত ও সহযোগিতা চাওয়া হয়েছে। একই সাথে লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জবাসীকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় শিক্ষা বিভাগের অফিস সেক্রেটারি অধ্যাপক ড. আসগর আলী, সোনারগাঁ উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, সনমান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফেরদাউসুর রহমান, জামায়াতের সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী নাসিরউদ্দিন, পিরোজপুরের চেয়ারম্যানপ্রার্থী শাহজালালসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রশাসন ও কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ পর্ব শেষে জামায়াত নেতৃবৃন্দ লংমার্চের মূল দাবি সংবলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন।



