পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কেটে দিলেন যুবক

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি স্থানীয় প্রয়াত পঞ্চম আলী মৃধার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রমিজ মৃধা একটি দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে গুরুতর আহত হন রমিজ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।
স্থানীয়দের ভাষ্য, প্রায় এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। এর কয়েক দিন পর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করেন তিনি। ওই ঘটনার জের ধরেই রমিজের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহত ব্যক্তির হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধারণা করা হয়েছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশালে পাঠানো হয়েছে।
এদিকে হামলার পর অভিযুক্ত জিসান মৃধা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



