রাজনীতি

‘ডিসেম্বরে আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি’

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপি সরকারের বিরুদ্ধে যৌথভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই পরিকল্পনার অংশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির মতো এবারও জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার চেষ্টা করছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

আলোচনায় থাকা ‘মক্কা সামরিক চুক্তি’ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল চুক্তিটির বিষয়ে ইতিবাচক অবস্থান জানিয়েছে। দেশের জনগণের একটি বড় অংশও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, দেশের সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো বিবেচনা করেই সরকার চুক্তি নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ডাকসুর জিএস পদ ফিরে পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগের ডাকসু নির্বাচনে নুরুল হক নুর ভিপি এবং তিনি জিএস পদে জয়ী হয়েছিলেন। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবের কারণে তাকে পরাজিত দেখানো হয়েছিল বলে দাবি করেন রাশেদ খাঁন। জিএস পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরার সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, যারা নিজেদের ভুল স্বীকার করে দলে ফিরে আসতে চাইবেন, তাদের বিষয়ে দলীয় হাইকমান্ড বিবেচনা করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button