‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’

বাংলা টিভি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমিরকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোন করেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতের আমিরের সঙ্গে আলোচনা হয়েছিল। তিনি দাবি করেন, এ বিষয়ে তৎকালীন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামও বিভিন্নজনের কাছে আক্ষেপ প্রকাশ করেছিলেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন বিতর্ক ও দুর্নীতির অভিযোগের দায় নিতে রাজি না হওয়ায় জামায়াতের আমির ওই আসন ছাড়তে সম্মত হননি। এমনকি ড. মুহাম্মদ ইউনূস নিজেও আসিফ মাহমুদের জন্য অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন বলে দাবি করেন তিনি। তবে জামায়াতের আমির ওই অনুরোধ প্রত্যাখ্যান করে প্রয়োজনে অন্য আসন ছাড়ার কথা জানিয়েছিলেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
ঢাকা-১০ আসনটি জামায়াত না ছাড়ায় দলটির আমিরকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এ বিষয়ে তার অবস্থানকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।
পোস্টে আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগও তোলেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, এ বিষয়ে তার কাছে ব্যক্তিগতভাবে জানা কিছু তথ্য রয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে পোস্টে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার অবস্থান পরিবর্তন হবে না। তার মতে, অল্প বয়সে কোনো ভুল হয়ে থাকলে আসিফ মাহমুদের তা স্বীকার করে দুঃখ প্রকাশ করা উচিত ছিল।
তবে রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে আসিফ মাহমুদ, ড. মুহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম কিংবা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।



