রাজনীতি

যার মেধা আছে, সেই চাকরি পাবে, তদবিরের সুযোগ নেই: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, এখন থেকে তদবিরের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই; যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চাকরিপ্রার্থীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, তদবির করে চাকরি পাওয়ার সুযোগ আর নেই—এ বিষয়ে তারা আশ্বস্ত থাকতে পারেন। যার মেধা ও যোগ্যতা রয়েছে, চাকরি তারই হবে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা এবং কোটাবৈষম্য দূর করা বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও দাবি করেন, বর্তমানে চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য হচ্ছে না।

এদিকে, ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর তাকে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই নির্বাচনে জিএস পদে আগে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নতুন সিদ্ধান্ত নেয়।

দীর্ঘ সময় পর ডাকসুর জিএস হিসেবে দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, অন্যায় করে কেউ শেষ পর্যন্ত পার পায় না। দীর্ঘ প্রতীক্ষার পর তাকে জিএস ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার ওপরও গুরুত্ব দেন রাশেদ খাঁন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন আর গণরুম বা গেস্টরুম নেই। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্মান ও সুসম্পর্ক বজায় রাখতে হবে। একই সঙ্গে কোনো পক্ষ যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button