ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় জোটের উত্থাপিত ৬ দফা দাবি সরকার মেনে না নিলে তা এক দফা দাবিতে রূপ নেবে। সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে এবং রাজপথে রক্ত দিয়ে ৬ দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন তারা। দেশের বিভিন্ন প্রান্তে ১১ দলীয় ঐক্যের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে নতুন সংগ্রাম শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ৬ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই ৬ দফাই এক দফায় পরিণত হবে, আর সেই দাবি হবে সরকারের পদত্যাগ।
লংমার্চ নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন, এত টাকা খরচ করে কেন লংমার্চে যাওয়া হচ্ছে। তবে তাদের ভাষায়, এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের গদি নড়ে গেছে। তিনি আন্দোলনকে আরও জোরালো করতে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চান। বৃহত্তর কুমিল্লার মানুষ অন্যায় ও চাঁদাবাজির কাছে কখনো মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।



