রাজনীতি

কার প্রাডো গাড়ি নিয়ে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী?

বাংলা টিভি ডেস্ক: ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছাদখোলা গাড়িতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে লংমার্চটি শুরু হয়। এ সময় কালো রঙের একটি টয়োটা প্রাডো গাড়ির ছাদে দাঁড়িয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাসীরুদ্দীন। তার হাতে ছিল জাতীয় পতাকা।

বিলাসবহুল ওই গাড়িতে নাসীরুদ্দীনকে দেখে অনেকের মধ্যেই প্রশ্ন ওঠে, গাড়িটি কার। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা জানান, লংমার্চে যোগ দিতে তার নিজের কোনো গাড়ি ছিল না।

নাসীরুদ্দীন বলেন, ‘লংমার্চে কীভাবে যাব—এ নিয়ে গতকাল রাতে অনেকেই ফোন করেছেন। তারা বলেছেন, আপনার তো গাড়ি নেই, কীভাবে যাবেন? পরে এক শুভাকাঙ্ক্ষী আমাকে জানান, তিনি আমার জন্য গাড়ি নিয়ে আসবেন। তখন আমি তাকে গাড়ি নিয়ে আসতে বলেছি।’

তবে ওই গাড়ি কে দিয়েছেন, তার নাম প্রকাশ করতে রাজি হননি নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘কে দিয়েছেন, সেটা বলা যাবে না। তাহলে তার গাড়ি ভেঙে দিতে পারে।’

ভবিষ্যতে নিজের একটি গাড়ি কেনার ইচ্ছার কথাও জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, সবাই দোয়া করবেন, যাতে ভালো একটা গাড়ি কিনতে পারি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button