রাজনীতি

সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী

বাংলা টিভি ডেস্ক: সমাজে ঘৃণা, অশালীনতা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে। তার ভাষ্য, এ ধরনের বক্তব্য অপরাধের পর্যায়ে পড়ে। তবে বিরোধী দল ওই যুবকের শাস্তির বিরোধিতা করে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে, যা অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডকে উৎসাহিত করার শামিল।

তিনি বলেন, ‘সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অত্যন্ত নিন্দনীয়।’

সরকারপ্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, তা সামাজিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন রিজভী।

বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরাও তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু সেই পথ অনুসরণ না করে ভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। এতে দেশে গড়ে উঠতে থাকা গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

রিজভী আরও দাবি করেন, বিরোধী দল গত ছয় মাসে সরকারকে সব ক্ষেত্রে ব্যর্থ বলে অভিযোগ করছে। তবে বিএনপি দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল এবং গত কয়েক মাসে তা প্রায় আড়াই গুণ বেড়েছে বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button