রাজনীতি

জিয়ার আদর্শ অনুসরণ করা কঠিন সাধনা: গয়েশ্বর চন্দ্র রায়

বাংলা টিভি ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করা সহজ কাজ নয়; বরং এটি কঠিন সাধনার বিষয়। তাঁর নাম রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করলেই হবে না, জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন বাস্তবে কতটা ধারণ করা হচ্ছে—সেটিই গুরুত্বপূর্ণ।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত জিয়া স্মৃতি বইমেলার চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করলেও জিয়াউর রহমান সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও দেশের বাস্তবতা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বুঝেছিলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র, স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার চায়। এই উপলব্ধিই তাকে জনগণের নেতায় পরিণত করেছিল।

জিয়াউর রহমানের সংস্কৃতিমনস্কতার কথা উল্লেখ করে গয়েশ্বর বলেন, দেশপ্রেম, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে তিনি রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করতেন। ধর্ম, বর্ণ ও গোত্রের বিভেদ ভুলে সবাইকে নিয়ে ‘বাংলাদেশি জাতি’ ধারণার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসার সময় বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি খুবই সীমিত ছিল। তাঁর দূরদর্শী পররাষ্ট্রনীতির কারণে পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে বাংলাদেশ স্বীকৃতি ও মর্যাদা অর্জন করে।

জুলাই আন্দোলনের একটি পক্ষের বক্তব্যের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তাদের বক্তব্য অনেক সময় অত্যন্ত উগ্র ও অস্বাভাবিক মনে হয়। তিনি আরও দাবি করেন, একাত্তরের পরাজিত শক্তি বর্তমান সরকারকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখছে।

গয়েশ্বর বলেন, সরকার পরিবর্তন হতে পারে, ক্ষমতায় নতুন নেতৃত্ব আসতে পারে; কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে দমন করা সম্ভব নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া এবং এরপর তারেক রহমান নেতৃত্বে থাকলেও জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি বই পড়ার অভ্যাসও ধরে রাখতে হবে। জ্ঞান অর্জন ও আত্মোন্নয়নের ক্ষেত্রে বইয়ের গুরুত্ব অপরিসীম।

তিনি জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত বইমেলার প্রশংসা করে বলেন, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।

ছাত্রদল নেতা মো. আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানসহ আরও কয়েকজন বক্তা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফরহাদ হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button