ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে এখন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে এনসিপি।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার নিবন্ধন ছিল। সম্প্রতি নির্ধারিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে তিনি ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-ইউ-১৩ এর মাধ্যমে করা ওই আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা শেষে অনুমোদন দেওয়া হয়।
এর ফলে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন এনসিপির এই নেতা।
এর আগে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই নির্বাচনে মির্জা আব্বাসের কাছে পরাজিত হন তিনি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভোটার হওয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তার এই ভোটার স্থানান্তর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড বা সম্ভাব্য নির্বাচনী পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং নভেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন আয়োজনের কথা রয়েছে।



