ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ মাহমুদ

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা ঘিরে যে আলোচনা ও রাজনৈতিক ‘হাইপ’ তৈরি হয়েছে, তা সেপ্টেম্বরেই শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তার দাবি, আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের যেসব নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাদের দেশে ফেরার আহ্বান জানানো হলেও তারা ফিরতে আগ্রহী হবেন না।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন এনসিপির এই নেতা।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা (শেখ হাসিনা) নাকি ডিসেম্বরে লীগের (আওয়ামী লীগ) পলাতকদের দেশে ফিরতে বলবে না। মূলত, তাদের বললেও কেউ আসত না।’
শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, ‘৫ আগস্ট কীভাবে পরিবারের সবার পালানো নিশ্চিত করে বাকিদের ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে চড়েছিলেন, এটা কোনোমতে জান বাঁচিয়ে পালানো নিষিদ্ধ লীগের নেতাদের ভালো মতোই মনে আছে।’
এরপর তিনি মন্তব্য করেন, ‘ডিসেম্বরের (শেখ হাসিনার দেশে ফেরা) হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ!’
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়ে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
ওই সাক্ষাৎকারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তিনি কাউকে দেশে ফেরার বিষয়ে সরাসরি নির্দেশনা দিচ্ছেন না। তবে দেশে ও বিদেশে থাকা আওয়ামী লীগের সমর্থক ও নেতাকর্মীদের অনেকে তার সঙ্গে দেশে ফিরতে আগ্রহী এবং নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।



