রাজনীতি

‘নাসীরকে এতোদিন যারা তালি দিছেন এবার কি গালি দেবেন’

বাংলা টিভি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার থেকে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে। একই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রার্থী হতে পারেন বলেও আলোচনা রয়েছে। ফলে সম্ভাব্য এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন। সোমবার নিজের এক পোস্টে তিনি লেখেন, ‘শুনলাম নাসীর ভাই নাকি ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতেছে! এক্ষেত্রে জামাত থেকে তার প্রতিদ্বন্দ্বী হবেন সাদিক কায়েম।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘এখন পাটওয়ারী যদি একটু করে তার কামানের গোলাটা জামাতের দিকে ঘুরিয়ে দেন; তাহলে এতদিন যারা তারে তালি দিছেন তারা এবার গালি দিবেন?’

আব্দুল কাদেরের এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারী এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এই আসনে ডিএসসিসির ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড রয়েছে। ওই নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন।

সংশ্লিষ্ট খবর

Back to top button