‘কোরআনবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’

বাংলা টিভি ডেস্ক: সম্পত্তি হস্তান্তর আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আইনটি প্রত্যাহার করা না হলে এ নিয়ে আন্দোলন আরও কঠোর করা হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, কোরআন-সুন্নাহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা হলে তার পরিণতি ভালো হবে না। সরকার এ ধরনের আইন পাস করে যে সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য তাদের রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
তিনি আরও বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিষয়ে ইসলামে সুনির্দিষ্ট বিধান রয়েছে। তাই এ-সংক্রান্ত কোনো আইন প্রণয়নের আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন। সরকারকে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া বোর্ডসহ দেশি-বিদেশি ইসলামি বিশেষজ্ঞদের মাধ্যমে আইনটি পর্যালোচনার প্রস্তাব দেন।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদের ভিত্তিতে দেশ পরিচালনার কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় এসে দলটি সংসদে এমন একটি আইন পাস করেছে বলে দাবি করেন তিনি। সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের পথে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসলামী বিধান সম্পর্কে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। তার দাবি, হেবা ও ওসিয়তের বিধান ইসলামী শরিয়াহতে সুস্পষ্টভাবে নির্ধারিত। এসব বিধান সম্পর্কে সংসদে ভুল ব্যাখ্যা দিয়ে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পিতা-মাতার অধিকার ও ভরণপোষণ নিশ্চিত করতে ২০১৩ সালে আইন করা হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করা হলে পিতা-মাতার অধিকার নিশ্চিত করা সম্ভব।
সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ আইনসহ সংশোধিত সম্পত্তি হস্তান্তর আইন বাতিল করা প্রয়োজন। তার অভিযোগ, বর্তমান সরকার ইসলাম ও জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা না থাকলে এসব আইন দ্রুত বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি অনুষ্ঠান পরিচালনা করেন।
এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. রেজাউল করিম এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।



