জামায়াতগ্রাম বাংলাদেশবাংলারাজনীতিস্বাস্থ্য

ডেঙ্গুতে ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতির মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাইয়্যেদুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে তার লিভারে সংক্রমণ দেখা দেয় এবং তা ধীরে ধীরে মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নিবিড় চিকিৎসা দেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মনিরুল ইসলাম বকুল ছাত্রজীবনে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের বাসিন্দা। পাশাপাশি কর্মজীবনের দীর্ঘ সময় একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে পরিচিতি লাভ করেন।

নিহতের ছেলে সাইয়্যেদুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে ১০টায় বাবার প্রথম জানাজা রাজধানীর কাকরাইলে হয়। তারপর আমরা বাড়িতে রওনা দেই। বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুতে নোয়াখালীর রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, মনিরুল ইসলাম বকুল ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ ইসলামী আন্দোলনের কর্মী। ছাত্রজীবন থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দ্বীনের খেদমত, সমাজসেবা ও মানুষ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button