নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আ. লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘পাগল-উন্মাদ’ এবং আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক হিমেল আল ইমরান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদারীপুরের রাজৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের আয়োজিত আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
হিমেল আল ইমরান বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম শুনলেই মানুষের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়। তিনি দাবি করেন, দেশের মানুষ তাকে বিভিন্ন নামে চেনে। বক্তব্যের একপর্যায়ে এনসিপির এই নেতাকে ‘পাগল-উন্মাদ’ এবং আওয়ামী লীগের ‘পোষা কুকুর’ বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে হিমেল বলেন, বাংলাদেশ ছাত্রদলের কোনো কর্মী সংগঠনকে কলঙ্কিত করেনি। তিনি আরও দাবি করেন, তারেক রহমান ক্ষমতায় আসার পর নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ করছেন। তার মতে, এতে তারেক রহমানের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্যের বিষয়টি স্পষ্ট হয়েছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজৈরে বড় ধরনের কর্মসূচি না হওয়ায় ক্ষোভও প্রকাশ করেন ছাত্রদলের এই নেতা। তিনি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজৈরে প্রত্যাশিতভাবে বড় কোনো আয়োজন হয়নি, যা তাকে হতাশ করেছে।
হিমেল আল ইমরান আরও বলেন, যারা বিএনপির আদর্শ মুখে ধারণ করলেও অন্তরে ধারণ করেন না, তাদের তিনি ঘৃণার চোখে দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো অনৈতিক বা খারাপ কর্মকাণ্ডে জড়াবেন না বলেও মন্তব্য করেন তিনি।



