জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ শব্দটি বাদ দিয়েছে। এর ফলে লোগোতে ইসলামের বিষয়টি আর প্রতিফলিত হচ্ছে না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে নির্বাচনি ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা স্পষ্টভাবে উল্লেখ করেনি বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম বলেন, জামায়াতের আমির এর আগে জানিয়েছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবেন না, বরং প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এসব বিষয় বিবেচনায় জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না বলে তিনি মন্তব্য করেন।
এ সময় জামায়াতসহ ১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করার পর জামায়াতের আমির সংসদে বলেছেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে বিপুল অর্থ ও জ্বালানি ব্যয় করে লংমার্চ করার প্রয়োজন কেন হলো—এ প্রশ্ন তোলেন তিনি।
একই অনুষ্ঠানে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন মুফতি রেজাউল করীম। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে। সরকার এ ধরনের আইন থেকে সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন চরমোনাই পীর।



