বিএনপিরাজনীতি

বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী

বাংলা টিভি ডেস্ক: অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, যারা নারীদের ওপর আক্রমণ চালায় তারা কাপুরুষ। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাবে দেশের সরবরাহব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও তা নিরসনে সরকার বিকল্প বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি চিরকালই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার সরকারের সময় মেয়েদের উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার তা বিয়ে বা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার চিন্তাভাবনা করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের নারী নেত্রীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button