রাজনীতি

‘র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি’

বাংলা টিভি ডেস্ক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন নামে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ গঠনের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, শুধু নাম পরিবর্তন করে একই ধরনের বাহিনী গঠন করলে জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ হবে না। তিনি বিলটি কোনোভাবেই পাস না করে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটির ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে দিনের কার্যসূচি অনুযায়ী স্থায়ী কমিটির সুপারিশ বিবেচনার জন্য বিলটি উত্থাপন করা হলে শফিকুর রহমান বক্তব্য দেন।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে বিরোধী দল সাতটি আপত্তি জানিয়েছিল।

সংসদে শফিকুর রহমান বলেন, র‌্যাবের কার্যক্রম নিয়ে দেশের মানুষের অভিজ্ঞতা সুখকর নয়। বাহিনীটির কিছু ইতিবাচক ভূমিকা থাকলেও এর নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে দেশ ও আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর দাবি, র‌্যাবের কার্যক্রমে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকে গুমের শিকার হয়েছেন।

তিনি গুমের শিকার হয়ে ফিরে আসা সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম এবং সংসদ সদস্য মারজিয়া বেগমের স্বামীর প্রসঙ্গও তুলে ধরেন। এসব ঘটনার উল্লেখ করে তিনি র‌্যাবের অতীত কর্মকাণ্ড নিয়ে সংসদে নিজের উদ্বেগের কথা জানান।

র‌্যাব বিলুপ্তির দাবির প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে বাহিনীটি বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও এ বিষয়ে কথা বলেছেন। কিন্তু র‌্যাব বিলুপ্ত করে একই কাঠামোর আরেকটি বাহিনী গঠনের দাবি কারও ছিল না বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমানের অভিযোগ, প্রস্তাবিত এসআরবির ক্ষেত্রে র‌্যাবের বিদ্যমান কাঠামো, স্থাপনা, লজিস্টিক ও জনবল প্রায় একই থাকছে। তাঁর ভাষায়, মূল পরিবর্তন হচ্ছে শুধু নামের। এ ধরনের পরিবর্তনকে তিনি জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন।

সম্প্রতি পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রীর বাসায় একটি বাহিনীর সদস্যদের যাওয়ার ঘটনার প্রসঙ্গও সংসদে তুলে ধরেন তিনি। সেখানে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল কি না, সে প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।

তিনি বলেন, বাহিনীর নাম ও কাঠামো পরিবর্তন করলেই হবে না; সদস্যদের আচরণ ও জবাবদিহির ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে বিশেষায়িত বাহিনী গঠনের প্রয়োজনীয়তা আরও পরিষ্কারভাবে ব্যাখ্যা করার আহ্বান জানান তিনি।

বিলটি নিয়ে আরও আলোচনা ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার পরামর্শ দিয়ে শফিকুর রহমান বলেন, বর্তমান অধিবেশনে বিলটি পাস করার প্রয়োজন নেই। এ বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করা উচিত।

তিনি বলেন, বিলে কিছু পরিবর্তন ও নতুন বাধ্যবাধকতা যুক্ত করা হলেও মৌলিক কাঠামোতে বড় কোনো পরিবর্তন হয়নি। তাই শুধু নাম পরিবর্তনের মাধ্যমে র‌্যাবের অতীত বিতর্ক থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।

সবশেষে বিলটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের মতামত ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে সরকার বিলটি ফিরিয়ে নিক। ভবিষ্যতে প্রয়োজনীয় পর্যালোচনা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব আনা যেতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button