রাজনীতি

‘আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে ভিন্নমত প্রকাশের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেছেন, সংসদে নিজের মতামত তুলে ধরার সময় তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে, যা সংসদীয় রীতিনীতি ও গণতান্ত্রিক আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আমর্ড পুলিশ ব্যাটালিয়ন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সংসদে তাঁর বক্তব্যের পর কেউ চাইলে তার বিরোধিতা করে পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু বক্তব্য চলাকালে বা পরে আশপাশ থেকে তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘বুধবার তিনি সংসদে যে আচরণের মুখোমুখি হয়েছেন, তা কোনোভাবেই গণতান্ত্রিক বা সংসদীয় রীতির মধ্যে পড়ে না। আমার বক্তব্য শেষে কেউ পাল্টা বক্তব্য দিতে পারেন। কিন্তু গতকাল সংসদে আমার আশপাশ থেকে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে। এটা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’

সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ভিন্ন ভিন্ন মত থাকা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি। রুমিন বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে সংসদে একা দাঁড়িয়ে কথা বলার সময়ও তাঁকে কঠোর আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

তিনি আরও বলেন, শুধু কোনো একটি বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য বিরোধী দলের আসনে বসে থাকার কোনো অর্থ নেই। সংসদে প্রকৃত বিরোধী মত ও ভিন্নমত প্রকাশের সুযোগ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবারের সংসদীয় আচরণের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, সংসদে অসহিষ্ণুতার যে পরিবেশ তৈরি হয়েছে, তা তাঁকে আগের আওয়ামী লীগ সরকারের সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংসদে এ ধরনের আচরণের সমালোচনা করা হতো। এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানার বক্তব্যের মধ্য দিয়ে সংসদে ভিন্নমত প্রকাশ, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং সংসদীয় আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button