‘গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে’

বাংলা টিভি ডেস্ক: দেশের গ্যাস-বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে সক্রিয় থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট নতুন কোনো সমস্যা নয়। শেখ হাসিনার সরকারের সময় থেকেই এ সংকট চলে আসছে। ওই সময় দেশে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার মতে, আগের সমস্যাগুলোর অনেকটাই এখনো কাটেনি।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে সংকট মোকাবিলায় আরও কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হতো।
সাতারকুলের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সর্বশেষ নির্বাচনে এলাকার মানুষ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেছে। ভবিষ্যতের নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সরকারি দলের মতো বিরোধী দল উন্নয়ন বরাদ্দ পায় না। ফলে এলাকার উন্নয়নে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না।
তিনি আরও বলেন, দেশের ভারসাম্যপূর্ণ উন্নয়নের স্বার্থে সরকারি দল ও বিরোধী দলের নির্বাচনি এলাকাগুলোতে উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সমতা থাকা প্রয়োজন। বিরোধী দলের এলাকাগুলোতেও সমানভাবে বরাদ্দ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।



