বিএনপিতে যোগ দিলেন জামায়াতের শতাধিক নেতাকর্মী

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলেকজান্ডার পৌর এলাকার দিদার প্রফেসরের বাড়ির উঠানে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
যোগদানকারীদের নেতৃত্ব দেন হাসান মাহমুদ রাসেল। তিনি রামগতি পৌরসভা জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিএনপিতে যোগ দেওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় হাসান মাহমুদ রাসেল বলেন, জীবনের বাকি সময় বিএনপির সঙ্গে থেকে দলের জন্য আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিমের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অন্যদিকে, মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের স্বাগত জানান। আগামী দিনে দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা।
যোগদান অনুষ্ঠানে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী শাহেদ আলী পটুসহ রামগতি পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



