সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

বাংলা টিভি ডেস্ক: ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ দেশে জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ, তেল সংকটের অজুহাত দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ১ হাজার ২০০ বেকারি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে সারসংকট দেখা দেওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে খাদ্যশস্য উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে এবং কৃষি ও খাদ্য খাত বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সুযোগ পেয়েছে।
এ ছাড়া দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন হামিদুর রহমান আজাদ।
নতুন করে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত হওয়ায় এবার সাত দফা দাবিকে সামনে রেখে ১৯ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি পালন করবে ১১ দলীয় ঐক্য।



