রাজনীতি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

এদিন এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাতেই মেয়র প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যা চিহ্নিত ও সমাধানে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়েও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মতবিনিময় সভায় এনসিপি সমর্থিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ উত্তর ও দক্ষিণ মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button