‘অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। তার দাবি, বিভিন্ন দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক চাপ থেকে মুক্তি পেতে এবং নিজেকে সুরক্ষিত রাখতেই আসিফ মাহমুদ জামায়াতের জোটভুক্ত রাজনীতিতে যুক্ত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
পোস্টে তিনি দাবি করেন, আসিফ মাহমুদ যখন জামায়াতবিরোধী অবস্থানে ছিলেন, তখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য বলে বিবেচিত হতো। এমনকি দুর্নীতির অভিযোগের কারণে ড. মুহাম্মাদ ইউনূসের অনুরোধ থাকা সত্ত্বেও জামায়াতের আমির তাকে ঢাকা-১০ আসনে মনোনয়ন দেননি বলেও উল্লেখ করেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, বর্তমানে আসিফ মাহমুদ জামায়াতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতিতে রয়েছেন বলেই তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোকে ভিন্নভাবে দেখা হচ্ছে। একজন ব্যক্তি অপরাধী নাকি নির্দোষ, তা তার রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করছে—এমন ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তিনি।
তিনি আরও দাবি করেন, জামায়াতের সঙ্গে থাকলে একজন ব্যক্তির সব অভিযোগ যেন মুছে যায় এবং তিনি ‘নিষ্পাপ’ হিসেবে বিবেচিত হন। তার মতে, এই কারণেই আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াতের সঙ্গে জোট করেছেন।
রাশেদ খান তার পোস্টে আরও বলেন, ভবিষ্যতে এনসিপি যদি জামায়াতের জোট থেকে বেরিয়ে আসে, তাহলে পরিস্থিতি আবার বদলে যেতে পারে। তখন দুর্নীতির অভিযোগের বিষয়ে জামায়াত-শিবিরই আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। তার দাবি, নিজেকে রাজনৈতিকভাবে সুরক্ষিত রাখতেই আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে গিয়ে উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থান নিয়েছেন। পরে জামায়াত নেতা সেলিম উদ্দিনকে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়াতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন ব্যক্তিকে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে জামায়াতের সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে—বিষয়টি তার কাছে দুঃখজনক।
তবে রাশেদ খানের এসব বক্তব্যের বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



