রাজনীতি

‘আ.লীগের সময়ের দুর্নীতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই’

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলের দুর্নীতি ও অর্থ পাচারের ঘটনায় দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকা পাচার ও কমিশন নেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেন আসিফ মাহমুদ। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময়ের আওয়ামী লীগ সরকারের আমলে ঘটে যাওয়া বড় ধরনের দুর্নীতি ও অর্থ লুটপাটের ঘটনায় বর্তমান প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান পদক্ষেপ কেন দেখা যাচ্ছে না।

আসিফ মাহমুদের অভিযোগ, আওয়ামী লীগ আমলের দুর্নীতির সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে নতুন রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে একের পর এক ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।

দুদকের কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির এই মুখপাত্র বলেন, দুর্নীতি দমন কমিশনে প্রয়োজনীয় সংস্কার করা হয়নি। বরং সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় প্রতিষ্ঠানটি অতীতের মতো আবারও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, যা বর্তমানে স্পষ্ট হচ্ছে বলেও দাবি করেন তিনি।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক আখ্যা দিয়ে আসিফ মাহমুদ বলেন, অপপ্রচার ও এ ধরনের তৎপরতার বিরুদ্ধে তারা আইনগতভাবে মোকাবিলা করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে হয়রানি বা চাপ প্রয়োগের মাধ্যমে তাদের থামানো সম্ভব হবে না এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button