‘লেডি মীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: ফেসবুকে নিজেকে ‘লেডি মীর জাফর’ উল্লেখ করে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তিনি বিষয়টি তুলে ধরেন।
ওই বেঞ্চের কার্যতালিকায় থাকা একটি মামলায় আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হন রুমিন ফারহানা। মামলাটিতে রাষ্ট্রপক্ষে দায়িত্বে ছিলেন ডিএজি নজরুল ইসলাম ছোটন। মামলাটি শুনানির জন্য ডাকা হলে রুমিন ফারহানা আদালতের সামনে ডিএজির ফেসবুক পোস্টের বিষয়টি তুলে ধরেন।
তিনি আদালতকে বলেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে তার উদ্দেশে ওই পোস্ট করা হয়েছে। এ কারণে তার কোনো মামলায় নজরুল ইসলাম ছোটন যেন রাষ্ট্রপক্ষে শুনানি না করেন, সে বিষয়ে আদালতের হস্তক্ষেপ চান তিনি। তার আশঙ্কা, ব্যক্তিগত বিরোধের কারণে শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হতে পারে।
পরে হাইকোর্ট ডিএজি নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে মামলাটিতে রাষ্ট্রপক্ষে শুনানি করতে বলেন।
শুনানির সময় সহকারী অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, মামলার আসামি একজন ‘অভ্যাসগত অপরাধী’ এবং তার বিরুদ্ধে এর আগেও ইয়াবা-সংক্রান্ত ১১টি মামলা রয়েছে। পরে হাইকোর্ট মামলাটির শুনানি অবকাশের পর করার জন্য আদেশ দেন।
এদিকে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও লিখিত অভিযোগ দিয়েছেন রুমিন ফারহানা।
অ্যাটর্নি জেনারেলের কাছে দেওয়া অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে উদ্দেশ করে গত ১১ সেপ্টেম্বর একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তাকে ‘লেডি মীর জাফর’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানা অভিযোগে আরও বলেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক। একই সঙ্গে এমন আচরণ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাগত মর্যাদাকেও ক্ষতিগ্রস্ত করে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এ ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের প্রতি অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।



