রাজনীতি

‘তারা কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে’

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াত-শিবির বেপরোয়া আচরণ শুরু করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তারা ক্ষমতায় গেলে দেশকে ‘জামায়াতে জাহেলিয়াত’-এ পরিণত করবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও সচেতন গ্রাহক ফোরামের পাল্টাপাল্টি কর্মসূচি এবং সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে সরকারি দলের নেতাকর্মীদের বেপরোয়া আচরণ করতে দেখা গেলেও এখন প্রধান বিরোধী দল হয়েই জামায়াত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে।

সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলমের সময় নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। একই সময়ে সেখানে কর্মসূচি পালন করছিলেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরে তারা পরস্পরকে ধাওয়া-পাল্টাধাওয়া করেন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ ঘটনার প্রসঙ্গে রাশেদ খাঁন অভিযোগ করেন, চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচির বিপরীতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে জামায়াত-শিবিরের লোকজন হামলা চালিয়েছে।

তিনি প্রশ্ন তুলে বলেন, চাকরি হারানো ব্যক্তিরা তাদের পুনর্বহালের দাবিতে প্রতিবাদ করতে পারবেন না কেন। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ইসলামী ব্যাংক থেকে অনেককে চাকরিচ্যুত করে সেখানে জামায়াত-শিবিরের লোকজনকে পুনর্বাসন করা হয়েছে। এখন ভুক্তভোগীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করায় তাদের ওপর হামলা চালানোর অধিকার কেউ জামায়াত-শিবিরকে দেয়নি।

রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে, তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button