রাজনীতি

সাদিক কায়েমকে পাটওয়ারী বললেন, ‘আসুন প্রতিযোগিতা হোক’

বাংলা টিভি ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্যকে পাশে রেখে নগরবাসীর সেবার মান উন্নয়ন ও ঢাকায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সৌহার্দ্যপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জামায়াতের প্রার্থীকে অভিনন্দন জানান এনসিপির এই নেতা।

নির্বাচনে একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ প্রত্যাশা করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নির্বাচনী প্রতিযোগিতায় রাজনৈতিক ও আদর্শিক মতভেদ থাকতেই পারে। তবে সেই ভিন্নতার পাশাপাশি পারস্পরিক সৌজন্য, সম্মান ও ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন। ঢাকার মানুষের জন্য কে আরও ভালো সেবা ও কার্যকর পরিবর্তন আনতে পারেন—প্রতিযোগিতাটি সে জায়গায় হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী করা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এদিকে ডিএসসিসি নির্বাচনে জামায়াতের প্রার্থী আবু সাদিক কায়েমকে স্বাগত জানানোর মধ্য দিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button