তারেক রহমান-এরদোয়ান বৈঠক: সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুই নেতা।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী এবং বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন দুই নেতা।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন সুযোগ উন্মোচনের বিষয়ে নিজেদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ান।



