জামায়াতরাজনীতি

রোহিঙ্গা সংকট সমাধানে চীন-ভারতকে এগিয়ে আসতে হবে: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: রোহিঙ্গা সংকট নিরসনে স্থায়ী সমাধানে চীন ও ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফিরিয়ে দেওয়াই হবে সংকটের চূড়ান্ত সমাধান। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষে একা এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এজন্য চীন, ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শফিকুর রহমান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এটি শুধু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে।’

শফিকুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের জন্য সাময়িক অর্থসহায়তা দিয়ে এ সমস্যার সমাধান হবে না। তাদের নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করতে হবে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।’

তিনি বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। সেখানে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে কার সঙ্গে আলোচনা ও সমঝোতা হবে, সেটিও একটি জটিল বিষয়।’

রোহিঙ্গা সংকট নিরসনে চীন ও ভারতের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের পাশাপাশি এ দুই দেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্যোগী হলে রোহিঙ্গা সংকটের সমাধানের পথ তৈরি হতে পারে।

রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও কর্মদক্ষতা উন্নয়নে গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের উৎপাদনমুখী কাজে প্রশিক্ষণ দিয়ে সীমিত পরিসরে জীবিকা অর্জনের সুযোগ তৈরি করা যেতে পারে। এতে তারা শিবিরে অবস্থান করেও নিজেদের জীবনযাত্রায় কিছুটা স্বাবলম্বী হতে পারবেন।

শফিকুর রহমান বলেন, ‘রোহিঙ্গাদের দীর্ঘদিন অশিক্ষা ও অবহেলার মধ্যে বেড়ে ওঠা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়। তাই এ সংকটকে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে দেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দেওয়া প্রয়োজন।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী নূরুল ইসলাম বাবুল।

সংশ্লিষ্ট খবর

Back to top button