দাদির জানাজায় ভিডিও কলে বক্তব্য দিলেন আওয়ামী লীগের সাবেক এমপি জয়

বাংলা টিভি ডেস্ক: টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদি আখতার জাহানের (৯৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে দাদির জন্য দোয়া চেয়েছেন সাবেক এই এমপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সখীপুরের সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে মুঠোফোনের ভিডিও কলে যুক্ত হয়ে দাদির জন্য উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান ভারতে অবস্থানরত অনুপম শাহজাহান জয়।
জানাজার আগে প্রথমে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম। পরে বক্তব্য দেন সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি তাহেরুল ইসলাম তালুকদার। এরপর ভিডিও কলে যুক্ত হন অনুপম শাহজাহান জয়। মাইকে তার বক্তব্য উপস্থিত মুসল্লিদের শোনানো হয়।
প্রায় পৌনে চার মিনিটের বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে দাদির জন্য সবার কাছে দোয়া চান জয়। তিনি বলেন, সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর মুঠোফোনে দাদির সঙ্গে তার কথা হয়েছিল। তখন দাদি তাকে বলেছিলেন, ‘দাদু, তোমার সঙ্গে কি আমার আর কখনো দেখা হবে না?’ জবাবে তিনি বলেছিলেন, ‘আগামী শীতে তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে।’ কিন্তু সেই দেখা আর হলো না।
অনুপম শাহজাহান জয় তার বক্তব্যে টাঙ্গাইল-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, রাজনীতির যে সৌন্দর্য ও সৌজন্যতা তিনি দেখিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ।
দাদির কাছে কারও কোনো দেনা-পাওনা থাকলে পরিবারের সদস্যদের তা জানানোর অনুরোধ করেন জয়। তার দাদির কোনো দেনা থাকলে তা তিনি নিজেই পরিশোধ করবেন বলেও জানান।
আখতার জাহানের মেঝ ছেলে সখীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালও জানাজায় উপস্থিত ছিলেন না। তিনি দেশে আত্মগোপনে থাকায় জানাজায় অংশ নিতে পারেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আখতার জাহানের স্বামী ছিলেন সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান প্রয়াত মোখতার আলী তালুকদার। তাদের বড় ছেলে শওকত মোমেন শাহজাহান টাঙ্গাইল-৮ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। আখতার জাহান ছিলেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আখতার জাহান। স্ট্রোক করলে গত পাঁচদিন আগে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জানাজায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী এবং বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে আখতার জাহানের মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।
উল্লেখ্য, গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে অনুপম শাহজাহান জয় ও জুলফিকার হায়দার কামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।



