আন্তর্জাতিক

পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম

আন্তর্জাতিক ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম জ্বালানির একটি চালান নিয়ে বিশেষ কার্গো বিমান ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইউরেনিয়াম বহনকারী বিমানটি বাংলাদেশে আসার সময় পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি। দেশটি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় বিকল্প রুট হিসেবে চীনের আকাশসীমা ব্যবহার করে চালানটি বাংলাদেশে আনা হয়েছে।

এর আগে পাকিস্তানের কাছ থেকে অনুমতি না পাওয়ায় ইউরেনিয়ামের চালানটি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যায়। বৃহস্পতিবার চালানটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও লজিস্টিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউরেনিয়াম ঢাকায় পৌঁছানোর পর তা নিরাপদে নির্ধারিত গন্তব্যে নেওয়ার জন্য পুলিশসহ সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রথম দফায় পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসে। পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের কার্যক্রম কিছুটা ধীর হয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটম জানিয়েছে, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় পুরো জ্বালানি সরবরাহ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পাবনার ঈশ্বরদীতে রাজধানী ঢাকা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। কর্মকর্তারা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পারবে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় নির্মিত এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট খবর

Back to top button