রাজনীতি

‘বিমানবন্দরে ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, রাষ্ট্র চালাবে কীভাবে’

বাংলা টিভি ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে সরকারের সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি প্রশ্ন তুলেছেন, একটি সরকার যদি বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ব্যবস্থাপনা ঠিকভাবে করতে না পারে, তাহলে পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করবে কীভাবে।

শনিবার বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে সাদিক কায়েম দাবি করেন, একটি দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রাষ্ট্রের সক্ষমতা ও ব্যবস্থাপনার প্রতিচ্ছবি। তার বক্তব্য অনুযায়ী, ২০২৬ সালের স্কাইট্র্যাক্স র‍্যাংকিংয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ এশিয়ার সেরা ১০ বিমানবন্দরের তালিকায় নেই এবং বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকাতেও জায়গা পায়নি।

বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামানের প্রতিবাদের প্রসঙ্গও তুলে ধরেন ডাকসু ভিপি। তিনি বলেন, আখতারুজ্জামান প্রবাসীদের ভোগান্তি ও বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছিলেন। তার দাবি, বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারী আখতারুজ্জামানকেই গ্রেপ্তার করা হয়েছে।

সাদিক কায়েম তার পোস্টে আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও আদালতে নেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, একজন সিনিয়র নাগরিক ও মুক্তিযোদ্ধাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, কিছু ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হলেও আখতারুজ্জামানকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

পোস্টে সাদিক কায়েম আরও দাবি করেন, বিএনপি সরকার প্রবাসীদের বিষয়ে শুরু থেকেই নেতিবাচক আচরণ করছে। নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে দলটির অবস্থান এবং পরবর্তী সময়ে তাদের ভোগান্তি নিয়ে কথা বলার কারণে আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসের শেষ দিকে ডাকসু ভিপি প্রশ্ন করেন, “যে সরকার একটি বিমানবন্দরের ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট করতে পারে না, সেই সরকার পাঁচ বছর ঠিকঠাক রাষ্ট্র কীভাবে চালাবে।”

সাদিক কায়েমের এসব বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে করা মন্তব্য ও অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button