হানিট্রাপে ভারতীয় নৌ-সেনা, পাকিস্তানি এজেন্টকে দিলেন দেশের গোপন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ভারতের এক নৌসেনার। পরে সেই সম্পর্কের ফাঁদে পড়ে দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশ পুলিশ।
গ্রেপ্তার হওয়া নাবিকের নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী এই নৌসেনাকে শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয়।
পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বর্তমানে কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন তিনি।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা প্রদীপের সঙ্গে যোগাযোগ করেন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
তদন্তকারীদের দাবি, ওই অনলাইন সম্পর্কের সুযোগ নিয়ে প্রদীপের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিলেন ওই নারী। একপর্যায়ে প্রদীপ বিশাখাপত্তনম নৌঘাঁটিতে থাকা যুদ্ধজাহাজের চলাচল এবং বিভিন্ন কৌশলগত তথ্য ওই এজেন্টের কাছে পাঠান বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে প্রদীপের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে নজরদারিতে রাখা হয়। তদন্তের একপর্যায়ে অভিযোগের বিষয়ে তথ্য পাওয়ার পর কোয়েম্বাটুরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং প্রদীপের কাছ থেকে আরও কী ধরনের তথ্য পাচার হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



