আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মাটি খুঁড়ে নিখোঁজ বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করল কুকুর

বাংলা টিভি ডেস্ক: মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের তানাহ টিঙ্গি লজিং এলাকায় সবজি ক্ষেতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ফাহাদের বাড়ি বা ঠিকানা প্রকাশ করেনি মালয়েশিয়ার পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) কে-নাইন ইউনিটের ট্র্যাকার কুকুর ‘ফ্রাঙ্কি’র দেওয়া সংকেতের ভিত্তিতে তার মরদেহের সন্ধান পাওয়া যায়।

গুয়া মুসাং জেলা পুলিশের প্রধান সুপারিনটেনডেন্ট সিক চুন ফু জানান, কুকুরের কাছ থেকে নির্দিষ্ট সংকেত পাওয়ার পর ঘটনাস্থলে স্কেভেটর দিয়ে মাটি খনন শুরু করা হয়। একপর্যায়ে মাটির নিচ থেকে ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

তিনি জানান, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ২০ সদস্য, স্টর্ম টিম এবং কে-নাইন ইউনিটের তিনটি প্রশিক্ষিত কুকুর অংশ নেয়। দীর্ঘ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূমিধসের ঘটনায় ফাহাদ মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ ছিলেন। পরে উদ্ধারকারী দলের তল্লাশিতে তার অবস্থান শনাক্ত করা হয় এবং মরদেহ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button