স্বামী ঘুরতে না নেওয়ায় বিচ্ছেদ চান স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: স্বামী বাইরে ঘুরতে বা অবসর কাটাতে যেতে পছন্দ করেন না—এমন অভিযোগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সামা টিভি।
শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ওই দম্পতির বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, পারিবারিক পরামর্শ সেবায় এসে ওই নারী অভিযোগ করেন, তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বাইরে ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণে যাওয়ার ব্যাপারে তার তেমন আগ্রহ নেই। আর এ বিষয়টিই তাদের দাম্পত্য সম্পর্কে অসন্তোষের কারণ হয়ে উঠেছে।
তবে স্বামীর অন্যান্য গুণের প্রশংসাও করেছেন ওই নারী। তার ভাষ্য অনুযায়ী, স্বামী উদার, ধৈর্যশীল ও ভদ্র। মূল সমস্যা হচ্ছে, তিনি বাইরে বের হওয়া বা বিনোদনমূলক কর্মকাণ্ডে আগ্রহ দেখান না।
পরিস্থিতি বিবেচনায় পারিবারিক পরামর্শ বিভাগের পক্ষ থেকে ওই নারীকে ভাই-বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাইরে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শুধুমাত্র স্বামীর ঘোরাঘুরিতে অনাগ্রহের কারণে যেন তিনি বিচ্ছেদের মতো চূড়ান্ত সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও তাকে বোঝানো হয়।
ড. আল রাইসি বলেন, দাম্পত্য সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী-স্ত্রীর অবসর কাটানোর ধরন বা জীবনযাপনের পছন্দে পার্থক্য থাকতেই পারে। তবে এ ধরনের মতপার্থক্য যেন দাম্পত্য জীবনের শান্তি নষ্ট না করে, সেদিকে দুজনেরই গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, কোনো দম্পতির জীবনযাপন ও বিনোদনের পছন্দ আলাদা হওয়ায় উদ্বেগ তৈরি হতে পারে। কিন্তু প্রতিটি মতবিরোধের শেষ পরিণতি বিচ্ছেদ হওয়া উচিত নয়।
পারিবারিক পরামর্শ বিভাগের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, দাম্পত্য সম্পর্কে বড় ধরনের কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে অযথা আইনি বা পারিবারিক বিরোধে রূপ দেওয়া ঠিক নয়। আলোচনার মাধ্যমে এ ধরনের পার্থক্য মেটানোর চেষ্টা করা উচিত।



