আন্তর্জাতিকইন্ডিয়া

১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের প্রত্যাবাসনের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় বিমান বাহিনীর বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের বরাতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় অবৈধ অভিবাসী শনাক্তে পরিচালিত এক জরিপের পর প্রায় ৫০০ জনকে আটক করে শ্রীনগরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫০ জনকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এরপর আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে পুলিশ সূত্রের বরাতে জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের মে মাসে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। ওই কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর সফরের প্রায় দুই মাস পর বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।

ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করে আসা এসব বাংলাদেশি মূলত ভাঙারি সংগ্রহসহ বিভিন্ন শ্রমিকের কাজ করতেন।

আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরাও রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদেরও ধাপে ধাপে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট কমিটিকে দেওয়া তথ্যে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরে প্রায় ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন। এসব অভিবাসীর বিরুদ্ধে মোট ১১৭টি মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

উচ্চপর্যায়ের ওই কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত অভিবাসন পরিস্থিতি পর্যালোচনা এবং অঞ্চলটির ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন নিয়ে তথ্য সংগ্রহ করা। আগামী এক বছরের মধ্যে তারা এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ জমা দেবে বলে জানা গেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সংশ্লিষ্ট খবর

Back to top button