আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থের পাশাপাশি মিয়ানমারের শরণার্থী সংকট এবং তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়।

মিয়ানমারের প্রেসিডেন্টের মালয়েশিয়া সফর উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেওয়া হয়। এ সময় রয়্যাল মালয়েশিয়ান রেঞ্জার রেজিমেন্টের (১ আরআরডি) প্রথম ব্যাটালিয়নের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিন অং হ্লাইংয়ের সঙ্গে একান্ত বৈঠকে বসেন আনোয়ার ইব্রাহিম। প্রায় ৩০ মিনিটের এ বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থ, উদ্বেগ এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বিশেষ গুরুত্ব পায় মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের শরণার্থীদের বিষয়টি। জাতিগত পরিচয় নির্বিশেষে এসব শরণার্থীকে স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক পরিবেশে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়েও দুই নেতা মতবিনিময় করেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে পেতে দেশটির নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিন অং হ্লাইংয়ের সঙ্গে ব্যাংককে গত বছরের শুরুতে যে আলোচনা শুরু হয়েছিল, বর্তমান বৈঠককে তিনি সেই সংলাপেরই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে সরাসরি যোগাযোগের সুযোগ সীমিত রাখার যে পুরোনো পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তাতে কার্যকর কোনো সমাধান আসেনি। বরং দীর্ঘদিনের শরণার্থী সংকট আরও জটিল হয়েছে এবং এ পরিস্থিতি মালয়েশিয়ার জনগণের মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে যে আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে এখন বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন।

আনোয়ার ইব্রাহিমের মতে, দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধানে মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ ও আলোচনার কোনো বিকল্প নেই। এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে, যেখানে শরণার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হওয়ার পাশাপাশি মালয়েশিয়ার নিজস্ব স্বার্থ ও উদ্বেগও বিবেচনায় রাখা হবে।

মিন অং হ্লাইংয়ের মালয়েশিয়া সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা এবং মিয়ানমারের দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সংকটের বিভিন্ন দিকও আলোচনায় উঠে আসছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button