আন্তর্জাতিক

১৩০ বছর বয়সে হজ করা আলজেরীয় নারী সারহুদার ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩২ বছর। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া তার হজ পালনের একটি ভিডিও প্রকাশের পাশাপাশি তার মৃত্যুর খবর সামনে এনেছে।

১৮৯৪ সালে আলজেরিয়ার গালমা প্রদেশের শিনিউ এলাকায় জন্মগ্রহণ করেন সারহুদা। পরবর্তী সময়ে তিনি তেবেসা শহরে বসবাস শুরু করেন। দীর্ঘায়ু, বৃহৎ পরিবার এবং জীবনের শেষ পর্যায়ে পবিত্র হজ পালনের কারণে তিনি দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তার ১৫ সন্তান ছিল। জীবনের অধিকাংশ সময় সন্তান, নাতি-নাতনি ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন তিনি।

২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে বিশেষভাবে আলোচনায় আসেন সারহুদা। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণে সৌদি আরবে তার হজযাত্রার খবর সে সময় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। এর আগে তিনি দুইবার ওমরাহ পালন করেছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮৯৪ সালের জন্মসাল সঠিক হলে, সারহুদা তার জীবদ্দশায় আলজেরিয়ার ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হয়েছেন। তার জীবদ্দশায় দেশটি ফরাসি ঔপনিবেশিক শাসন, স্বাধীনতাসংগ্রাম এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে।

তেবেসা শহরে পরিবারের সঙ্গে বসবাস করা এই নারীর দীর্ঘ জীবন আলজেরিয়ার কয়েক প্রজন্মের পরিবর্তনের সঙ্গে জড়িয়ে রয়েছে। তার মৃত্যুতে দেশটিতে শোকের পাশাপাশি তার দীর্ঘায়ু ও জীবনকাহিনি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button