রাজনীতি

শেখের বেটির জন্য বাংলাদেশের মাটি হারাম, ফাঁসির দড়ি রেডি: মাহমুদা মিতু

বাংলা টিভি ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। তিনি দাবি করেছেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশের মাটিতে ফেরার আর কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শেখ হাসিনাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেন মাহমুদা মিতু।

পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশের মাটি আর নিরাপদ নয় এবং দেশে ফেরার অধিকারও তিনি হারিয়েছেন। একই সঙ্গে দেশে ফিরলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে আরেকটি ফেসবুক পোস্টে জুলাই আন্দোলনের সমন্বয়ক ও এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার ছবি প্রকাশ করেন মাহমুদা মিতু।

ওই পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, জুলাই আন্দোলনের মাধ্যমে তাঁরা সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করেছেন। পাশাপাশি শেখ হাসিনার মরদেহও বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি। পোস্টে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান মাহমুদা মিতু।

উল্লেখ্য, গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০-এর সংসদ সদস্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button