জাতীয়

নাগরিকদের ক্ষমতাহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে তরুণরা নির্ভয়ে ও নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে। নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে। প্রতিটি শিশু তার সব সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে এমন একটি সমৃদ্ধ, স্বনির্ভর, কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিশ্চিন্তে, নিরাপদে সমান অধিকার, সম্মান ও মর্যাদার সঙ্গে বসবাস করতে সক্ষম হবে।

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ—সব ক্ষেত্রেই বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ব্যবসা ও বিনিয়োগের জন্য পরিবেশবান্ধব, নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান গণতান্ত্রিক বাংলাদেশে অংশীদারত্ব, উদ্ভাবন এবং দেশি-বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে তরুণরা নির্ভয়ে, নির্বিঘ্নে তাদের স্বপ্ন বাস্তবায়নের পথ খুঁজে পাবে, নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারবে, প্রতিটি শিশু তাদের সকল সম্ভাবনা বিকাশের সুযোগ নিয়ে বেড়ে উঠবে, সর্বোপরি জনগণ পাবে নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের নিশ্চয়তা। এজন্যই আমরা বলি—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।

ভাষণের শেষ দিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের সব নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বাংলাদেশ পূর্ণ সহায়তা দেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে বিদায়ী সভাপতি ম্যাডাম এনালেনা বেয়ারবককে তার সুযোগ্য নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button