বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: লিউ ইউইন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে চীন আগের মতোই অটল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউইন। তিনি বলেছেন, নিজেদের দেশের বাস্তবতা, প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় উন্নয়নের পথ নির্ধারণের পূর্ণ অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। চীন এ সিদ্ধান্তকে সম্মান করে।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ব্লু পেপারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
লিউ ইউইন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন সব সময় অব্যাহত থাকবে। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিও বজায় রাখবে বেইজিং।
চীনের উন্নয়ন সহযোগিতার নীতি তুলে ধরে তিনি বলেন, কোনো দেশের ওপর নিজেদের উন্নয়ন মডেল চাপিয়ে দেওয়ার আগ্রহ নেই চীনের। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও রাজনৈতিক শর্ত জুড়ে দেওয়া হয় না। পারস্পরিক সম্মান, সমতা এবং উভয় দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় চীন।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতা কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়। বরং বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ নিলে সেটিকেও ইতিবাচকভাবে দেখে বেইজিং।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির বিষয়ে লিউ ইউইন জানান, ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে বিআরআই সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০১৬ সালের কৌশলগত অংশীদারত্ব থেকে ২০২৪ সালে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত হয়েছে।
ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আশাবাদ ব্যক্ত করেন চীনের এই কূটনীতিক। তিনি জানান, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল যোগাযোগ, পরিবেশবান্ধব উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দশকে আরও গভীর ও শক্তিশালী হবে। একই সঙ্গে এই সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।



