ধনকুবেরের পাঠানো প্রাইভেট জেটে চড়ে মালয়েশিয়ায় সমাবর্তনে ড. ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্ববিদ্যালয়টির আচার্য হিসেবে তিনি ২০২৬ সালের স্নাতকদের হাতে ডিগ্রি তুলে দেন।
সোমবার (২৩ নভেম্বর) দেশটির কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাবর্তনে অংশ নিতে সোমবার ঢাকা থেকে বিশেষভাবে ভাড়া করা একটি উড়োজাহাজে মালয়েশিয়া যান অধ্যাপক ইউনূস। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতার উদ্যোগে তার যাতায়াতের বিশেষ ব্যবস্থা করা হয়। ২০২০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটির আচার্যের দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বৈশ্বিক আর্থসামাজিক সংকট মোকাবিলা এবং সমাজে বৈষম্য কমাতে সামাজিক ব্যবসার প্রসারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সামাজিক দায়বদ্ধতার সমন্বয় ঘটাতে পারলে সামাজিক ব্যবসা বিশ্বকে এগিয়ে নেওয়ার নতুন দিশা দেখাতে পারে।
স্নাতকদের উদ্দেশে তিনি দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। এসব লক্ষ্য অর্জনে ডিজিটাল রূপান্তর, জলবায়ু সহনশীলতা এবং টেকসই উদ্যোক্তা তৈরিতে উদ্ভাবনী ও সাহসী নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে স্নাতকদের টেকসই সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ইউনূসের আচার্যত্বে আলবুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তার প্রস্তাবিত ‘থ্রি জিরো’ ধারণাকে শিক্ষাদর্শনের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। এ ধারণার মূল লক্ষ্য হলো দারিদ্র্য শূন্য, বেকারত্ব শূন্য এবং নিট কার্বন নিঃসরণ শূন্যের পর্যায়ে নিয়ে আসা।
বিশ্ববিদ্যালয়টিতে সামাজিক ব্যবসা ও আর্থসামাজিক উন্নয়ন নিয়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচিও পরিচালিত হচ্ছে।
সমাবর্তন অনুষ্ঠান শেষে মঙ্গলবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের।



