
সবশেষ পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে আশানুরুপ পারফরমেন্স না হলেও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের।
আইসিসির সবশেষ র্যাঙ্কিংয়ে ৪৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে পঞ্চাশ নম্বরে আছেন তামিম। পাকিস্তান সফরে প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান আর দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৩ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে মাত্র এক উইকেট নিলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫ ধাপ এগিয়েছেন আল আমিন।
৭৬ নম্বর থেকে ৪৭০ রেটিং পয়েন্ট নিয়ে উঠেছেন ৫১ নম্বরে। এদিকে, নিউজিল্যান্ডকে প্রথমবার হোয়াইটওয়াশ করে রেটিংয়ে উন্নতি করেছেন ভারতীয় ক্রিকেটাররা। সিরিজে ২২৪ রান করে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় শীর্ষ অবস্থানে এসেছেন লোকেশ রাহুল। রোহিত শর্মা এগিয়েছেন তিন ধাপ।
বিরাট কোহলি রয়েছেন ৯ নম্বরেই। সেরা দশে আছেন তিন ভারতীয় ব্যাটসম্যান। বোলিংয়ে শীর্ষেই আছেন আফগান রশিদ খান। অলরাউন্ডার র্যাংকিংয়ের টপে যথারীতি মোহাম্মদ নবী।



