ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ

ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে আজ তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তারা মিরপুরের কালশী সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আবারো ওই সড়কেই অবস্থান নেয় শ্রমিকরা।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক করিম পরিবর্তন ডটকমকে বলেন, পোশাক শ্রমিকরা মূল সড়কে অবস্থান নিয়েছে। ওসি নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, সড়কে অবস্থানরত শ্রমিকদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা বর্তমামে রাস্তার একপাশে অবস্থান করছে আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সমস্যা সমাধানে পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে।
এছাড়া রাজধানীর দক্ষিণখান থানা এলাকার আটিপাড়ায় এপিএস গার্মেন্টেসের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ ও ভাংচুর চালিয়েছে। অপরদিকে চালাবন এলাকায়ও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করছে।
এর আগে গেল দু’দিন ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে এয়ারপোর্ট, উত্তরা, টঙ্গী, গাজীপুর সড়কে অবস্থান নেন শ্রমিকরা।
বাংলাটিভি/পাইক



