চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের লোহাগাড়া এলাকার চুনতি জাঙ্গালিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশের চুনতি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রাতেই ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও লোহাগাড়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে। সম্পর্কে তারা মা-মেয়ে ও নাতি। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় তারা।
সাতকানিয়া ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, ‘দুইজন মহিলা, একজন শিশু এবং পাঁচজন পুরুষ, মোট আটজনের মরদেহ বিভিন্ন জায়গা থেকে খুঁজে রাস্তার একপাশে রাখি। এরমধ্যে কিছু আহত লোক, প্রায় ছয়জন হবেন, যারা রাস্তার পাশাপাশি ছিলেন। তাদেরকে মাইক্রোবাসে করে সফরিয়া পাঠিয়ে দিয়েছি। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসটি ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পাশাপাশি বাস চালকেরও অসচেতনতাও দায়ী বলে জানিয়েছে পুলিশ।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মোহাম্মদ আমানউল্লাহ সরকার জানান, মাইক্রোবাসের চালক মারা গেছেন। যেহেতু এটা মুখোমুখি সংঘর্ষ ছিলো, সেহেতু উভয়েরই ত্রুটি ছিল। আমরা চার পাঁচজন আহত যাদের পেয়েছিলাম, তাদেরকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করেছি।
বাংলাটিভি/প্রিন্স



