Uncategorized

ভালো শিক্ষকদের ক্লাস প্রচারে ‘শিক্ষা টিভি’ করার চিন্তা

দেশের নামি-দামি প্রতিষ্ঠানের ভালো শিক্ষকদের ক্লাস গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য সরকার ‘শিক্ষা টিভি’ চালু করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি। আজ সোমবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী।

নামি প্রতিষ্ঠানের শিক্ষকদের অতিথি শিক্ষক হিসেবে নিয়ে প্রত্যন্ত এলাকার স্কুলে ক্লাস নেয়ার বিষয়ে ডিসিদের দেওয়া প্রস্তাব সম্পর্কে দীপু মনি বলেন, “ঢাকায় বা বেশ কিছু জায়গায় অত্যন্ত ভালো কিছু বিদ্যালয় রয়েছে, যেগুলোর অনেক সুনাম রয়েছে, সেখানকার শিক্ষকদের বিষয়ে অনেক সুনাম রয়েছে। (ডিসিদের) একটা প্রস্তাব আছে তাদেরকে অতিথি শিক্ষক হিসেবে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে।

“আমরা  বলেছি- খুব কম খরচে…টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন বিদ্যালয়ের খুব ভালো ভালো শিক্ষকদের ভালো ভালো ক্লাসগুলোকে কিন্তু আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে একইসঙ্গে সব স্কুলে দেখাতে পারি।”

“সেজন্য একটা শিক্ষা টিভি জাতীয় কোনো কিছু চিন্তা করা যায় এবং সেটি করা গেলে হয়ত যারা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক আছেন, তারা অন্যদের শেখানোর পদ্ধতি থেকে উপকৃত হবেন এবং একই সঙ্গে শিক্ষার্থীও যে যেখানেই থাকুক, একই মানের শিক্ষকদের শিক্ষাদান, পাঠদানে তারা উপকৃত হবে।”

এছাড়াও শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়ে সজাগ দৃষ্টি রাখা এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্রই জনসচেতনতা তৈরি করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বলেছি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তারা যেন কোনোভাবেই যৌন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, জেলা প্রশাসকদের কোচিং ও নোটবই বন্ধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের খেলার মাঠ যাতে দখল না হয়, সেদিকেও লক্ষ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়মিত উত্তোলন এবং জাতীয় সঙ্গীত নিয়মিত পরিবেশন করতে বলা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের কথাও বলা হয়েছে।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button